আগরতলা, ১৭ মে, ২০২৬ঃ
দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে চুরি হয়ে গেল এক সরকারি গাড়ি। পরে রবিবার সকালে চালকসহ গাড়িটি উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে দুর্বৃত্তরা বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রের জানালা ভেঙে বিভিন্ন জিনিসপত্র সহ একটি সরকারি বলেরো গাড়ি চুরি করে নিয়ে যায়।
শনিবার সকালে খবর পাওয়া মাত্রই, খোয়াই জেলা পুলিশ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় তল্লাশিতে বসেন। সকাল প্রায় ৯টা নাগাদ মুঙ্গিয়াকামী থানার পুলিশ ৪১ মাইল নাকায় তল্লাশির সময় নম্বরবিহীন একটি সাদা বলেরোকে দেখে থামার নির্দেশ দিলে গাড়িটি পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে। পাশাপাশি আমবাসা, সালেমা ও কমলপুর থানাকেও সতর্ক করা হয়। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার ধাওয়া করার পর সালেমা থানার অন্তর্গত মেন্দি এলাকায় গাড়িটিকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাড়িটিই কেভিকে সাউথ ত্রিপুরা থেকে চুরি যাওয়া সরকারি বলেরো গাড়িটি। গাড়ির চালককে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।