আগরতলা, ৫ জুন, ২০২৬ঃ
অ্যাপভিত্তিক যাতায়াত পরিষেবা রেপিডোর ‘বাইক বুস্ট’ পরিষেবার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন সংস্থার মোটরসাইকেল চালকরা। শুক্রবার আগরতলার ধলেশ্বর রেপিডো অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার ঘোষণাও দেন চালকরা।
বিক্ষোভকারী চালকদের অভিযোগ, ‘বাইক বুস্ট’ পরিষেবার মাধ্যমে যাত্রীরা কম ভাড়ায় বেশি দূরত্বে যাতায়াতের সুযোগ পাচ্ছেন। এর ফলে বাইক চালকদের আয় উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। পেট্রোলের ক্রমবর্ধমান দামের বাজারে এই পরিষেবা চালু থাকায় তাদের পক্ষে খরচ সামলে লাভ করা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করেন তারা।
চালকদের আরও অভিযোগ, এই পরিষেবার কারণে প্রায় ৫০০ বাইক চালকের জীবিকা সংকটের মুখে পড়েছে। বিষয়টি নিয়ে আগেই রেপিডো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছিল। সে সময় কর্তৃপক্ষ মঙ্গলবারের মধ্যে ‘বাইক বুস্ট’ পরিষেবা বন্ধ করার আশ্বাস দিলেও শুক্রবার পর্যন্ত তা কার্যকর করা হয়নি।
এই প্রতিশ্রুতি রক্ষা না হওয়ার প্রতিবাদেই পরিষেবা বন্ধ রেখে অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন চালকরা। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে ‘বাইক বুস্ট’ পরিষেবা প্রত্যাহার না করা হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে।