আগরতলা, ১৬ জুন, ২০২৬ঃ
ত্রিপুরায় উপজাতি জেলা পরিষদে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে গ্রাম স্তরে ভিলেজ কমিটি নির্বাচন আয়োজন করা হবে। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে একথা জানিয়েছে। দিল্লি থেকে এদিন সামাজিক মাধ্যমে লাইভে এসে এই খবর জানালেন তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা।
তিনি জানান, প্রায় দশ বছর যাবৎ আটকে থাকা ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে তাঁর দায়ের করা রিট পিটিশনের শুনানিতে রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে জানিয়েছে যে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং ভোট গণনা হতে পারে ৩ অক্টোবর। ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার বিভিন্ন ব্লকে রিটার্নিং অফিসাররা স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে চূড়ান্ত ভোটার তালিকার কপি তুলে দেন।
সম্ভাব্য নির্বাচন সূচি অনুযায়ী, নির্বাচন বিজ্ঞপ্তি জারির পর ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই ও প্রার্থিতা প্রত্যাহারের প্রক্রিয়া চলবে। এরপর ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারপর্ব।