আগরতলা, ১৬ জুন, ২০২৬ঃ
ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র সারিন্দা জিআই স্বীকৃতি অর্জন করেছে। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে এই স্বীকৃতিকে ত্রিপুরার সংস্কৃতি ও জনজাতীয় ঐতিহ্যের জন্য এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সারিন্দা জিআই স্বীকৃতি রাজ্যের অমূল্য লোকঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই স্বীকৃতি ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচিতিকে আরও সুদৃঢ় করবে এবং বিশ্বদরবারে রাজ্যের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে।
ত্রিপুরা সারিন্দা একটি অনন্য আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র, যা দীর্ঘদিন ধরে রাজ্যের জনজাতীয় সংস্কৃতি ও লোকসঙ্গীতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। জিআই স্বীকৃতির ফলে এই বাদ্যযন্ত্রের স্বকীয়তা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেল এবং এর সংরক্ষণ ও প্রচারের নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।
এই স্বীকৃতির মাধ্যমে ত্রিপুরা এখন চারটি জিআই স্বীকৃতি পণ্যের গর্বিত অধিকারী হলো। এর আগে ত্রিপুরা কুইন আনারস, রিশা, এবং উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরের পেড়া জিআই স্বীকৃতি অর্জন করেছিল। এই সমস্ত পণ্যই ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও স্বকীয়তার উজ্জ্বল নিদর্শন হিসেবে পরিচিত।
মুখ্যমন্ত্রী এই সাফল্যের পেছনে যাঁদের নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীল অবদান রয়েছে, সেই সকল কারিগর, শিল্পী ও সংগীতশিল্পীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ত্রিপুরার ঐতিহ্য আজ বিশ্বদরবারে আরও একধাপ এগিয়ে গেল।”