আগরতলা, ২৪ জুন, ২০২৬ঃ
রাজ্য সরকারের আশ্বাস পেয়ে অনির্দিষ্টকালের অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নিল আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীরা। পুনর্বাসনের জন্য সরকারি সুবিধা চেয়ে ৯ দফা দাবিতে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি, জেএআরসি এবং জয়েন্ট অ্যাকশন কমিটি, জেএসি ২৪ জুলাই থেকে এই অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ আন্দোলনের ডাক দিয়েছিল। বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর দুই সংগঠনের নেতৃত্ব আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
জানা গেছে, সংগঠনগুলির উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। জেএআরসি ও জেএসি এর নেতৃত্ব জানিয়েছে, সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়নের বিষয়ে তারা আশাবাদী। আলোচনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবিগুলির সমাধান হবে বলেও আশা প্রকাশ করেছে তারা।
অবরোধ প্রত্যাহারের পর রাজ্যের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বড়মুড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। যানবাহন চলাচল শুরু হওয়ায় সাধারণ মানুষ ও যাত্রীদের দুর্ভোগ কমেছে।
চলতি জুন মাসে এনিয়ে আত্মসমর্পণকারী প্রাক্তন বৈরীদের তিনটি সংগঠন আলাদা আলাদাভাবে অবরোধ আন্দোলনের ডাক দিয়েছিল। প্রাথমিকভাবে সরকারের তরফে আশ্বাস না পেয়ে প্রাক্তন বৈরীরা আন্দোলন শুরু করে ব্যাপক জনদুর্ভোগ তৈরি করে। চাপে পড়ে সরকার আলোচনার আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করা হয়।