আগরতলা, ১৪ জুলাই, ২০২৬ঃ
পরিকাঠামোর উন্নয়ন ছাড়া রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার গোমতী জেলার উদয়পুরের রাজর্ষি হলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে জেলার ৫টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ৬টি প্রকল্পের শিলান্যাস করে তিনি বলেন, রাজ্য সরকার শহর থেকে গ্রাম পর্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
মুখ্যমন্ত্রী জানান, গত অর্থবছরে সারা রাজ্যে প্রায় ১ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। চলতি অর্থবছরেও ইতিমধ্যে প্রায় ১২১ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে।
এদিন তিনি ৭.৮২ কোটি টাকা ব্যয়ে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ১.৪৮ কোটি টাকা ব্যয়ে ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের পরিকাঠামো উন্নতিকরণ, ৫.৮০ কোটি টাকা ব্যয়ে রমেশ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে সিন্থেটিক ফুটবল টার্ফ এবং ২.২৩ কোটি টাকা ব্যয়ে এসডিএম অফিস কমপ্লেক্সে ছয়টি কর্মচারী আবাসনের উদ্বোধন করেন।
পাশাপাশি তিনি ৪৩.১৬ কোটি টাকা ব্যয়ে উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন চারতলা ভবন, ১৪.৭৪ কোটি টাকা ব্যয়ে হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ১০ কোটি টাকা ব্যয়ে গ্রামোন্নয়ন দপ্তরের দুটি অফিস ভবন, ৪.৭১ কোটি টাকা ব্যয়ে গোমতী যাত্রীনিবাস থেকে জাতীয় সড়ক-৮ পর্যন্ত রাস্তার উন্নয়ন, ৩.০৯ কোটি টাকা ব্যয়ে শ্রম দপ্তরের নতুন অফিস ভবন এবং ৬.৭২ কোটি টাকা ব্যয়ে কাকড়াবন হায়ার সেকেন্ডারি স্কুলে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের শিলান্যাস করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ‘মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের’ দ্বিতীয় পর্যায়, নিরাময় ল্যাব নেটওয়ার্ক এবং ডায়ারিয়া নির্মূলীকরণ অভিযানের আনুষ্ঠানিক সূচনাও করেন।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকনির্দেশনায় রাজ্য সরকার উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সম্প্রতি অনুষ্ঠিত বিজনেস কনক্লেভে প্রায় ১,২০০ জন বিনিয়োগকারী অংশ নিয়েছেন এবং বহু শিল্পগোষ্ঠী রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তাঁর দাবি, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা বর্তমানে দেশের অন্যতম ফ্রন্ট রানার রাজ্য। এছাড়া উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার ৩৫০টিরও বেশি জাতীয় ও আঞ্চলিক পুরস্কার অর্জন করেছে।