আগরতলা, ১৫ জুলাই, ২০২৬ঃ
দিল্লির যন্তর মন্তরে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের আন্দোলনের সমর্থনে আগরতলায় সংহতি কর্মসূচির ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন, এসএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটি।
এসএফআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ জুলাই বিকেল ৩টায় আগরতলার গান্ধী মূর্তির পাদদেশ, সার্কিট হাউস এলাকায় এই সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ ছাত্রসমাজের ন্যায্য দাবির সমর্থনে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসএফআই-এর আহ্বানে গণতান্ত্রিক অধিকার ও ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ছাত্র-যুব ও সাধারণ মানুষের কাছে কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন জানানো হয়েছে।
পরিবেশকর্মী সোনম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি পালন করছেন। ১৫ জুলাই পর্যন্ত তাঁর অনশন ১৮তম দিনে পৌঁছেছে বলে জানা গেছে।
এদিকে, গত ১১ জুলাই দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’, সিজেপি এর অনশন ও বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানান ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি কেরালার প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক, নরেশ জমাতিয়া এবং কৃষ্ণা রক্ষিতকে সঙ্গে নিয়ে ওই কর্মসূচিতে যোগ দেন।
সিপিআইএমের কয়েকজন নেতা কর্মী ওই কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি জানালেও, দলের পক্ষ থেকে সিজেপির আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা করা হয়নি।