আগরতলা, ৭ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরার পরিকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রকল্পের জন্য ১৪.২২ কোটি টাকা বরাদ্দ করেছে। মেঘালয়ের শিলংয়ে ৪ জুলাই অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনইসি-র সচিব সতীন্দ্র কুমার ভাল্লার। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিকল্পনা দপ্তরের আধিকারিক এবং এনইসি সচিবালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।
বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন চলমান ও প্রস্তাবিত প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। ১৯৭১ সালে প্রতিষ্ঠার পর থেকেই NEC ত্রিপুরার সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে ধারাবাহিকভাবে অর্থ সাহায্য করে আসছে।
এইবারের ১৪.২২ কোটি টাকার বরাদ্দে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
খোয়াই জেলার হাওয়াইবাড়ি ও দক্ষিণ ত্রিপুরার জলেফায় শূকর প্রজনন খামার স্থাপন,
গঙ্গানগর ও রইস্যাবাড়ি আরডি ব্লকে গুরুত্বপূর্ণ পরিষেবা উন্নয়ন,
পুকুর খনন ও জলাশয় সংস্কার,
৬টি সমন্বিত বীজ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট,
২টি আধুনিক কৃষি বাজার এবং ধলাই জেলায় সমন্বিত প্যাক হাউস নির্মাণ,
ব্রুডার হাউস ও পোল্ট্রি হ্যাচারি স্থাপন,
বিবেকানন্দ ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরে একটি নতুন ভবন নির্মাণ।
এছাড়া জিআই পণ্যের উপর কর্মশালা, একটি আন্তর্জাতিক রসায়ন সম্মেলন এবং রাজ্য পরিচালিত অর্কিড বাগানে সৌরশক্তিচালিত সেচ পাম্প স্থাপনের মতো প্রকল্পও এই অনুদানের আওতায় এসেছে।
এর পাশাপাশি, গত জুন মাসে এনইসি অতিরিক্ত ১.৩১ কোটি টাকা বরাদ্দ করেছিল। এর মধ্যে পশ্চিম ত্রিপুরার গান্ধীগ্রামে বালিকা ছাত্রাবাস উন্নয়নে ৪০ লক্ষ টাকা এবং দক্ষিণ ত্রিপুরার মনুবনকুলে ধাম্ম দীপা স্কুলে ছাত্রাবাস নির্মাণে ৯১.৫৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়।