আগরতলা, ৮ আগস্ট, ২০২৫ঃ
ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুক্রবার সন্ধ্যায় আচমকা অসুস্থ হয়ে পড়েন। আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় ট্রেনের শৌচাগারে অচেতন অবস্থায় পড়ে যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।
জানা গেছে, তিনি ৫৫৬৭৫ নম্বর লোকাল ট্রেনের বি১ কোচে যাত্রা করছিলেন। সন্ধ্যা ৬টা থেকে ৬ টা ১০ মিনিট নাগাদ ট্রেনের শৌচাগারে গেলে সেখানেই হঠাৎ অসুস্থ বোধ করেন এবং অচেতন হয়ে পড়েন। এরপর ট্রেনটি আগরতলা রেল স্টেশনে দাঁড় করিয়ে দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সম্ভাবনাও রয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের রাজনৈতিক মহলে উদ্বেগের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী মানিক সাহা টিএমসি মেডিক্যাল কলেজে গিয়ে অধ্যক্ষের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। রাজ্যবাসীর তরফ থেকেও অধ্যক্ষের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।