আগরতলা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ঃ
চাকমা ভাষার বিকাশে একাধিক পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা সরকার। আগামী ৭ই আগস্ট থেকে রাজ্যে পালিত হবে ‘চাকমা লিপি ও ভাষা দিবস’। সেই সঙ্গে চাকমা ভাষাকে গুগল ট্রান্সলেশনে অন্তর্ভুক্ত করার কাজও শুরু হয়েছে।
মঙ্গলবার আগরতলায় চাকমা ভাষা উন্নয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে রাজ্যের বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানান। তিনি বলেন, চাকমা ভাষার উন্নয়নে সাতটি উপ-কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার শব্দ সংগ্রহ করা হয়েছে, যা ধাপে ধাপে গুগল অনুবাদ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি একটি জাতীয় সেমিনার আয়োজনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, ২০১১ সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরায় চাকমা সম্প্রদায়ের জনসংখ্যা ছিল প্রায় ৭৯ হাজার। বেসরকারি তথ্য অনুযায়ী বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.২৫ লক্ষে। বর্তমানে রাজ্যের ১২৩টি বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চাকমা ভাষা পড়ানো হচ্ছে।
রতনলাল নাথ আরও বলেন, যেমন প্রতিবছর ১৯ জানুয়ারি ত্রিপুরায় ককবরক দিবস পালিত হয়, তেমনই এবার থেকে ৭ আগস্ট পালিত হবে চাকমা লিপি ও ভাষা দিবস।
আজকের বৈঠকে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শম্ভু লাল চাকমা এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।