আগরতলা, ৯ সেপ্টেম্বর, ২০২৫ঃ
যুবকরাই দেশের ভবিষ্যৎ—এই বার্তাই উঠে এলো মঙ্গলবার আগরতলায় মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্যে। পূর্বাশা কমপ্লেক্সের আরবান হাটে রাজ্যে প্রথমবার আয়োজিত পাঁচদিনব্যাপী জাতীয় সংহতি শিবির ২০২৫-এর উদ্বোধন করেন তিনি।
রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্টেট ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের যৌথ উদ্যোগে এবং নয়াদিল্লির ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সহযোগিতায় অনুষ্ঠিত এই শিবিরে স্বাগতিক ত্রিপুরা সহ মোট ১৮টি রাজ্য অংশ নিচ্ছে। এবারের থিম— “এক ভারত, শ্রেষ্ঠ ভারত”।
মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিনিময়ের মাধ্যমে জাতীয় সংহতি আরও দৃঢ় করাই শিবিরের মূল উদ্দেশ্য।
ত্রিপুরায় বর্তমানে স্কাউটস ও গাইডস সদস্য সংখ্যা ৬ হাজার ৭০ জন, ইউনিট লিডার ২১৪ জন এবং ওপেন রোভার ও রেঞ্জার রয়েছেন ৩৬৫ জন বলে জানান মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত ৩৮ জন সদস্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। পাশাপাশি সারা বছর নেশা বিরোধী প্রচার অভিযান, যোগা দিবস, রক্তদান শিবির, বৃক্ষরোপণ ইত্যাদি কর্মসূচি পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, এই শিবির বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও পরম্পরার মধ্যে এক অনন্য যোগসূত্র তৈরি করবে। তাঁর কথায়, “স্কাউটিং ও গাইডিং কেবল ইউনিফর্ম নয়, এটি সমাজ ও জাতির প্রতি অঙ্গীকার।”