আগরতলা, ৫ অক্টোবর, ২০২৫ঃ
অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করেছে আসাম পুলিশ। শ্রীভূমি জেলার চুরাইবাড়ি এলাকায় আসাম-ত্রিপুরা সীমান্তে এক ট্রাক ভর্তি নিষিদ্ধ কফ সিরাপ আটক করেছে পুলিশ। আটক কফ সিরাপের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানা গেছে।
বিশেষ গোপন সূত্রের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে একটি নাকা চেকিং অভিযান চালানো হয়। সেই সময় কলকাতা থেকে আসা একটি ট্রাককে আটক করা হয়। ট্রাকটি তল্লাশি করে ১৪৪টি কার্টন থেকে ২১,৬০০ বোতল ‘ইস্কাফ’ নামের কফ সিরাপ উদ্ধার করা হয়। সিরাপগুলিতে কোডিন ফসফেট নামক নিষিদ্ধ উপাদান রয়েছে, যা এনডিপিএস আইনের আওতায় পড়ে। বোতলগুলি চালকদের চোখ এড়াতে ড্রামের ভেতরে লুকিয়ে রাখা ছিল।
ট্রাকের চালক, পশ্চিমবঙ্গের বাসিন্দা সাজ্জাদ আফ্রিদিকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মাদক দ্রব্যগুলি ত্রিপুরা হয়ে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল।
শ্রীভূমি জেলার এক পুলিশ আধিকারিক জানান, “গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। গোটা পাচারচক্রের মূল হোতাদের ধরতে আরও অভিযান চালানো হবে।”
বর্তমানে পুলিশের পক্ষ থেকে এই মাদক চক্রের উৎস ও গন্তব্য চিহ্নিত করতে গভীর তদন্ত শুরু হয়েছে।