আগরতলা, ৫ অক্টোবর, ২০২৫ঃ
আসাম রাইফেলস ও শুল্ক দপ্তরের যৌথ অভিযানে আগরতলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি সিমেন্ট বোঝাই লরিতে তল্লাশি চালিয়ে ৬৯.৬১ কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬৯.৬১ কোটি টাকা।
ঘটনায় চারজন সন্দেহভাজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ইয়াবাগুলি সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
সূত্রের খবর, গত ২৯ সেপ্টেম্বর মোহনপুর এলাকায় মাদক উদ্ধার অভিযানের সূত্র ধরেই এই চক্রের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতেই রবিবারের এই সফল অভিযান পরিচালিত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় সংঘবদ্ধ মাদক চক্রগুলিকে ধ্বংস করার চলমান প্রচেষ্টারই অংশ। আসাম রাইফেলস ও শুল্ক দপ্তর উভয়েই জানিয়েছে, ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে যাতে রাজ্য ও অঞ্চলকে মাদকমুক্ত করা যায়।