আগরতলা, ৮ অক্টোবর, ২০২৫ঃ
দীর্ঘ অসুস্থতার পর শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়লো সিপাহিজলা চিড়িয়াখানার একমাত্র মেঘলা চিতা বাঘ। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টার পরও বাঁচানো যায়নি লুপ্তপ্রায় প্রজাতির এই বিরল প্রাণীটিকে।
চিড়িয়াখানার অধিকর্তা সিদ্ধার্থ দেববর্মা জানান, রক্তাল্পতা ও জন্মগত জেনেটিক সমস্যার কারণে মাত্র এক বছর পাঁচ মাস বয়সেই চিতা বাঘটির মৃত্যু হয়েছে। তিনি বলেন, “একই পরিবারের সদস্যদের মধ্যে প্রজননের ফলে এ ধরনের জেনেটিক ডিসঅর্ডার তৈরি হয়, যা মারাত্মক এবং প্রায় অনিবার্য।”
চিড়িয়াখানার কনজারভেটিভ ব্রিডিং সেন্টারের চিকিৎসক দলের তত্ত্বাবধানে থাকা এই মেঘলা চিতাটি গত ২৫ সেপ্টেম্বর থেকে অসুস্থ হয়ে পড়ে। অবস্থা খারাপ হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকরা অবজারভেশনে রেখে টানা দু’দিন চিকিৎসা চালান। কিন্তু পঞ্চমীর দিন শেষমেশ মৃত্যু হয় প্রাণীটির।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আরকে নগর ভেটেরিনারি কলেজে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষার পর মৃতদেহটি ফের সিপাহিজলা চিড়িয়াখানায় আনা হয় এবং চিড়িয়াখানার অধিকর্তা সহ বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে মাটি দেওয়া হয়।
অধিকর্তা দেববর্মা আরও জানান, ভবিষ্যতে এ ধরনের জন্মগত সমস্যা এড়াতে সিপাহিজলা চিড়িয়াখানা কর্তৃপক্ষ মণিপুর চিড়িয়াখানার সঙ্গে যোগাযোগ করেছে একটি ফিমেল মেঘলা চিতা আনার জন্য।