আগরতলা, ৮ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে বুধবার রাজ্যে সফরে আসেন তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, সাংসদ প্রতিমা মন্ডল, সাংসদ সায়নী ঘোষ এবং রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ।
আগরতলা বিমানবন্দরে পৌঁছানোর পর তৃণমূল প্রতিনিধিরা জানতে পারেন তাদের ভাড়া করা গাড়ি গুলিকে হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁরা পায়ে হেঁটে দলীয় কার্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানবন্দর চত্বরে কিছু সময় অবস্থান করে বিক্ষোভ দেখান তাঁরা।
পরে রাজ্য পুলিশের পক্ষ থেকে গাড়ি ও নিরাপত্তা ব্যবস্থা করা হলে প্রতিনিধিরা দলীয় কার্যালয়ে পৌঁছান। সেখানে এক সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ, ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে ক্ষোভ খুব দেখান। পড়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের সঙ্গে দেখা করে বিস্তারিত ঘটনা তুলে ধরেন তৃণমূল প্রতিনিধিরা।
এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তৃণমূল নেতাদের আগমন প্রসঙ্গে বলেন, “ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস দল শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব। গতকালের ঘটনায় ‘সুযোগ পেয়েছি, সুযোগ পেয়েছি’ বলে কিছু নেতা কলকাতা থেকে আগরতলায় এসেছেন। আমি বলেছি, তারা আসুক কি করবেন করুক এতে আমাদের কোন আপত্তি নেই।”
এদিকে, এক সাংবাদিক সম্মেলনে ঘটনা স্বীকার করে দিয়েছে প্রদেশ বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, কোন হামলা করা হয়নি, দলের কর্মীরা উত্তরবঙ্গের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন মাত্র।