আগরতলা, ২৮ অক্টোবর, ২০২৫ঃ
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহারই আগামী দিনের উন্নয়নের মূল চাবিকাঠি। মঙ্গলবার আগরতলার চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে রাজ্যের ১১টি সরকারি মহাবিদ্যালয়ে ওয়াইফাই সংযোগ প্রদান এবং মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা ২০২৪–২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন নতুন বিষয় জানার জন্য প্রযুক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। ছাত্রছাত্রীরা যত বেশি প্রযুক্তিকে কাজে লাগাবে, ততই তারা সাফল্যের পথে এগিয়ে যাবে এবং সমাজও উপকৃত হবে।”
মুখ্যমন্ত্রী জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকার শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা-র আওতায় ২০২৫–২৬ অর্থবর্ষে ২০ হাজার শিক্ষার্থীকে মোট ১০ কোটি টাকা ব্যয়ে স্মার্টফোন বিতরণ করা হবে। এই প্রকল্পের মেয়াদ ২০২৬–২৭ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি, রাজ্যের গ্রাম ও শহরাঞ্চলকে ইন্টারনেট পরিষেবার আওতায় আনার কাজও চলছে বলে তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “শিক্ষার সঙ্গে প্রযুক্তির সংযোগ আজ সময়ের দাবি। যাদের কাছে জ্ঞানের ভান্ডার বেশি, তারাই সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।”