পুরভোটের আগে তৎপর ত্রিপুরা বিজেপি, দুটি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ঃ
আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ও সাংগঠনিক তৎপরতা বাড়াল বিজেপি। একদিকে আগরতলা পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলর ও অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অন্যদিকে, সোনার তরী অতিথিশালায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক ঘিরেও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী মানিক সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সমস্ত এমআইসি সদস্য ও জোনাল চেয়ারপার্সনরা। পুরনিগমের কাউন্সিলরদের নিয়ে আয়োজিত এই বৈঠকে বিভিন্ন ওয়ার্ডে চলা উন্নয়নমূলক কাজের খতিয়ান এবং নাগরিক পরিষেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, শহরের পরিকাঠামো আরও শক্তিশালী করা, নাগরিক পরিষেবার মান উন্নত করা এবং দক্ষ, স্বচ্ছ ও জনমুখী সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। কার্যকরী উদ্যোগ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে নাগরিকদের কল্যাণ ও প্রত্যাশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও উন্নত আগরতলা গড়ে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
অন্যদিকে, আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে সোনার তরী অতিথিশালায় বৈঠকে বসেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। পাশাপাশি দলের মন্ত্রী, বিধায়ক ও অন্যান্য রাজ্য নেতৃত্বও বৈঠকে যোগ দিয়েছেন।
পুরনিগমের কাজের পর্যালোচনার পাশাপাশি দলীয় স্তরে এই বৈঠককে ঘিরেও রাজনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে। আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে উন্নয়নমূলক কাজের মূল্যায়ন এবং সাংগঠনিক প্রস্তুতি, দুই ক্ষেত্রেই বিজেপি যে গুরুত্ব দিচ্ছে, পরপর এই দুই বৈঠক থেকে সেই ইঙ্গিতই মিলছে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










