ত্রিপুরা থেকে মিজোরামে পাইপলাইনে গ্যাস পরিষেবা ২০২৭-এ
আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৭ঃ
ত্রিপুরার গ্যাস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে চলেছে প্রতিবেশী রাজ্য মিজোরাম। পানিসাগর আইজল গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ শেষ হলে মিজোরামের মামিত ও আইজল জেলায় পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ শুরু হবে। মামিত শহরে ২০২৭ সালের মার্চ এপ্রিল এবং আইজল জেলার সিহমুই এলাকায় ২০২৮ সালের মার্চ এপ্রিলের মধ্যে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সোমবার মামিত জেলার তুইদাম গ্রামে চলতি প্রকল্পের কাজ পরিদর্শন করে মিজোরামের খাদ্য, অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী বি লালছানজোভা জানান, ত্রিপুরা সীমান্তবর্তী এই এলাকায় ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেড উত্তর পূর্ব গ্যাস গ্রিড প্রকল্পের আওতায় ১১৯.৪৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণ করছে। পানিসাগর আইজল রুটের ১৫.১০৫ কিলোমিটার অংশ ত্রিপুরার ছয়টি গ্রামের মধ্য দিয়ে যাবে। বাকি ১০৪.৩৪৫ কিলোমিটার পড়ছে মিজোরামের ২০টি গ্রামে।
এই পাইপলাইন ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের নেটওয়ার্কের সঙ্গে আইজলকে যুক্ত করবে। ত্রিপুরার গ্যাস সরবরাহ পরিকাঠামোর সঙ্গে মিজোরামের সরাসরি সংযোগ তৈরি হবে। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়ানো এবং এলপিজি সরবরাহে বিঘ্নের সময় বিকল্প জ্বালানির জোগান নিশ্চিত করার ক্ষেত্রে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
YOU MAY ALSO LIKE
Discussion (0)
No approved comments yet. Be the first to start the conversation!










