আগরতলা, ৭ জুলাই, ২০২৫
ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যস্তরের অর্গানিক ক্রেতা-বিক্রেতা সম্মেলন। আগামী ৯ জুলাই আগরতলার পলো টাওয়ার্স হোটেলে আয়োজিত এই ঐতিহাসিক সম্মেলনের উদ্বোধন করবেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনের আয়োজক ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি, যা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা। রাজ্যে জৈব কৃষি ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই প্রথমবার ত্রিপুরায় এমন একটি মঞ্চ তৈরি হতে চলেছে, যেখানে রাজ্যের অর্গানিক ফার্মার প্রোডিউসার কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন দেশি-বিদেশি ক্রেতারা। এতে গড়ে উঠবে নতুন ব্যবসায়িক সহযোগিতা এবং স্থায়ী অংশীদারিত্ব, যা রাজ্যের কৃষকদের জন্য খুলে দেবে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের দরজা।
সম্মেলনে প্রদর্শিত হবে রাজ্যের উৎকৃষ্ট ও স্বীকৃত জৈব কৃষিপণ্য যেমন—সুগন্ধিযুক্ত চাল (কালিখাসা ও হরিনারায়ণ), কালো চাল (মাইমি হাঙার), স্টিকি চাল (বিরন), বায়না মরিচ (বার্ড আই চিলি), গন্ধরাজ লেবু, তিল, আদা, হলুদ, ফক্সটেইল মিলেট, কুইন ও কিউ প্রজাতির আনারস প্রভৃতি।
রাজ্য সরকার আশা করছে, এই সম্মেলনের মাধ্যমে ত্রিপুরাকে ভারতের অন্যতম সম্ভাবনাময় জৈব কৃষিপণ্যের কেন্দ্রে রূপান্তর করা যাবে। কৃষি মন্ত্রী রতন লাল নাথ একে রাজ্যের কৃষি অর্থনীতির জন্য “এক গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো উদ্যোগ” হিসেবে বর্ণনা করেছেন।