আগরতলা, ২৬ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরা সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেলেন ২ বাংলাদেশী যুবক। এদের ত্রিপুরা সীমানার ভেতর উদ্ধার একটি মৃতদেহ শুক্রবার ফেরত পাঠালো বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে চোরাচালানের চেষ্টা রুখতে গিয়ে বিএসএফ গুলি চালালে মহম্বদ লিটন নামে এই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ত্রিপুরার বাঁশপদুয়া সীমান্তে গভীর রাতে কয়েকজন বাংলাদেশি যুবক সীমান্তে কাঁটাতার অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। তারা পাচারের চেষ্টা করলে বিএসএফ তাদের সতর্ক করে। তবে পাচারকারীরা বিএসএফকে চ্যালেঞ্জ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। এতে তিনজন বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে মহম্বদ লিটনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। বাকি দু’জনকে অন্য পাচারকারীরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে পরশুরাম হয়ে ফেনী হাসপাতালে ভর্তি করে। সেখানেও একজনের মৃত্যু হয়েছে বলে খবর।
মৃত মহম্বদ লিটনের দেহ কাঁটাতার সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে পড়ে থাকতে দেখা যায়। পরে বিএসএফ দেহটি উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়। প্রশাসনের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
শুক্রবার রাতে আন্তর্জাতিক নিয়ম মেনে বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ বৈঠক হয় মুহুরী ঘাট সীমান্তে। উভয় দেশের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক শেষে নিহত লিটনের দেহ বাংলাদেশের প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়।