আগরতলা, ৮ আগস্ট, ২০২৫:
ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে আরও এক বড় সাফল্য পেল পুলিশ। খয়েরপুর আগরতলা বাইপাসের নীলগিরি ধাবা সংলগ্ন এলাকায় একটি অটো রিক্সাতে তল্লাশি চালিয়ে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল আমতলী থানার পুলিশ। এই ঘটনায় অটোরিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এই বিষয়ে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন,
আমরা একটি মাদকমুক্ত ত্রিপুরা গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, এবং মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে আমাদের নিরলস লড়াই পূর্ণ দৃঢ়তার সঙ্গে চলতে থাকবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার ও প্রশাসনের এই অভিযান আরও জোরদার করা হবে।
এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, মাদকবিরোধী এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন রাজ্যবাসী।