আগরতলা, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ঃ
রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির স্বীকৃতিস্বরূপ রাজ্যকে ফ্রন্ট রানার হিসেবে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্বাস্থ্য দপ্তরের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের লাইব্রেরিয়ান পদে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, নিয়োগপ্রাপ্ত সকলকে আন্তরিক মনোভাব নিয়ে জনগণকে পরিষেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে। রাজ্য সরকার স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে দৃঢ়ভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, এবং রাজ্য সরকারও সেই দিকনির্দেশনা অনুসরণ করছে। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ৭০৫ জন চিকিৎসক, ৩৬৮ জন প্যারা মেডিক্যাল স্টাফ এবং ৩০৮ জন এমটিএস নিয়োগ করা হয়েছে।
ত্রিপুরা দেশে সবচেয়ে বেশি মানুষকে প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার সুবিধা দিচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলে শিশুর মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এছাড়া, টিবি মুক্ত ভারত অভিযানে রাজ্য সফলতার স্বীকৃতি পেয়েছে।
এদিনের অনুষ্ঠানে ২১৪ জনকে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং ১২ জনকে লাইব্রেরিয়ান পদে নিয়োগপত্র প্রদান করা হয়। এরমধ্যে ৩২ জন জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং ৫ জন লাইব্রেরিয়ানকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী নিয়োগপত্র তুলে দেন।