আগরতলা, ১০ অক্টোবর, ২০২৫ঃ
সারাদেশের বেশিরভাগ রাজ্যে যেখানে ২০০৩ সালকে ভিত্তি করে শুরু হতে চলেছে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া, সেখানে ত্রিপুরায় এই ভিত্তি বছর নির্ধারণ করা হয়েছে ২০০৫ সাল। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ব্রিজেস পান্ডে এক সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য রাজ্যে ২০০৩ সালেই শেষবার অনুষ্ঠিত হয়েছিল ভোটার তালিকার স্পেশাল সামারি রিভিশন। কিন্তু ত্রিপুরায় শেষবার এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল ২০০৫ সালে। সেই কারণেই রাজ্যের ক্ষেত্রে দু’বছরের ছাড় দেওয়া হচ্ছে।
রাজ্য নির্বাচন দপ্তরের তরফে ইতিমধ্যেই ২০০৫ ও ২০২৫ সালের ভোটার তালিকা দপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যাতে সাধারণ ভোটাররা সহজে যাচাই করতে পারেন। যদিও এসআইআর প্রক্রিয়া শুরুর সঠিক দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি, তবে সার্বিক প্রস্তুতি হিসেবে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন দপ্তর।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ২০০৫ সালের পর জন্ম নেওয়া নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করতে হলে ২০০৫ সালের ভোটার তালিকায় তাদের পিতা-মাতার নাম থাকতে হবে। অন্যদিকে, অন্যান্য ক্ষেত্রে ভোটার হিসেবে প্রমাণ দিতে ভারতীয় নির্বাচন কমিশনের অনুমোদিত ১১টি পরিচয়পত্রের মধ্যে যেকোনো একটি বা আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
নির্বাচন দপ্তর জানিয়েছে, ত্রিপুরায় স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করতেই এই প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে।