আগরতলা, ১০ অক্টোবর, ২০২৫ঃ
ত্রিপুরার রাজ্যের উন্নয়নের পথে আরও এক পদক্ষেপ। আগরতলার মহারাজা বীরবিক্রম কলেজ লেক পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়ণ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফলক উন্মোচন করে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কলেজের সায়েন্স বিল্ডিং প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
প্রকল্পের অংশ হিসেবে প্রায় ৩১ একর জায়গা জুড়ে ৭০ হাজারেরও বেশি নানা প্রজাতির গাছ রোপণ করা হয়েছে। লেকের জলের উপর নির্মিত হয়েছে পেন্টন ব্রিজ, সঙ্গে রয়েছে ক্যাফেটেরিয়া, ওপেন জিম, শিশুদের খেলার মাঠ, যোগা কেন্দ্র, ফুডকোর্ট, ফাউন্টেন প্লাজা ও স্কাল্পচার জোন— যা এই এলাকাকে এক নতুন রূপে সাজিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আগরতলাকে স্মার্ট সিটি এবং ত্রিপুরাকে স্মার্ট রাজ্য হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার নিরলস কাজ করছে। স্বচ্ছতা ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”
মুখ্যমন্ত্রীর কথায়, “বিগত কয়েক দশক ধরে এমবিবি কলেজ লেক সংলগ্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ চলত। বর্তমান সরকার এলাকাটিকে পুনর্গঠনের মাধ্যমে একে পর্যটন ও নাগরিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে।”
তিনি আরও বলেন, “রাজ্য সরকার উন্নয়নের পথে এগোচ্ছে, কিন্তু মানুষের সহযোগিতা ছাড়া সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব নয়। তাই সকলকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মযজ্ঞে অংশগ্রহণের আহ্বান জানাই।”