আগরতলা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ঃ
উপাধক্ষ্য রামপ্রসাদ পালের ইস্যুকে কেন্দ্র করে ত্রিপুরায় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। প্রবল জনমত ও মুখ্যমন্ত্রীর সদিচ্ছার জেরে শেষ পর্যন্ত উপাধক্ষ্য রামপ্রসাদ পালের বিরুদ্ধে মামলা গ্রহণ করলেও, অভিযোগ উঠেছে যে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেয়নি পুলিশ। সমালোচকদের দাবি, রামপ্রসাদী সুরের আড়ালে প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।
অন্যদিকে বিধায়ক রঞ্জিত দেববর্মার ইস্যুতে পরিস্থিতি আরও জটিল বলে অভিযোগ। সংশ্লিষ্ট মহলের দাবি, এ ক্ষেত্রে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মামলাও গ্রহণ করা হয়নি। এমনকি অভিযুক্তদের কেউ কেউ আদালত চত্বরে গিয়ে ওকালতনামায় সই করলেও পুলিশি তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।
এই পরিস্থিতিতে রাজ্যের সাংবাদিক সমাজও সরব হয়ে উঠেছে। জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে এবং আগরতলায়ও প্রতিবাদের সুর জোরালো হচ্ছে। অতীতে সুদীপ-শান্তনু হত্যাকাণ্ডের পর যেমন রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল, তার প্রাথমিক প্রতিফলন আবারও দেখা যাচ্ছে বলে মত সংশ্লিষ্টদের। এমনকি প্রয়োজনে দিল্লিতে গিয়ে বৃহত্তর আন্দোলনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।