আগরতলা, ৩ মার্চ, ২০২৬ঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের গুজব ছড়ালেও রাজ্যে পেট্রোল, ডিজেল, এলপিজি সিলিন্ডার সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর কোনও ঘাটতি নেই বলে স্পষ্ট জানালেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সোনামুড়া সহ কয়েকটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের খবর সামনে আসার পর মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দেবপ্রিয়া বর্ধন, অধিকর্তা সুমিত লোধ, পেট্রোল পাম্প মালিক ও মহারাজগঞ্জ বাজারের প্রতিনিধিরা। সেখানে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মজুত পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
মন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে পেট্রোল, ডিজেল, সিএনজি ও খাদ্যসামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে, যা অন্তত এক মাসের চাহিদা মেটাতে সক্ষম। আতঙ্কিত না হয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, টানা বৃষ্টি বা বন্যায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলেই সাধারণত জ্বালানি সংকট দেখা দেয়। বর্তমানে সেই ধরনের কোনও পরিস্থিতি নেই, ফলে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাতের আশঙ্কাও নেই।
এদিকে, রাজ্যে পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্য যাতে স্বাভাবিক থাকে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারির মাধ্যমে দাম বৃদ্ধি না পায়, সে বিষয়ে দপ্তর বিশেষ নজরদারি চালাচ্ছে বলে জানান মন্ত্রী। সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।