আগরতলা, ২ এপ্রিল ২০২৬ঃ
ত্রিপুরায় জনগণনার কর্মসূচি শুরু হবে আগামী ১৭ জুলাই থেকে। দেশে জনগণনা ২০২৭-এর প্রথম পর্ব ইতিমধ্যেই ১ এপ্রিল থেকে শুরু হয়েছে। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই বৃহৎ জনগণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্বের বৃহত্তম এই জনগণনা দুই ধাপে সম্পন্ন হবে, যেখানে নাগরিকদের জন্য স্ব-গণনার সুযোগও রাখা হয়েছে।
ত্রিপুরা জনগণনা কার্যালয় সূত্রে জানা গেছে, রাজ্যেও এই প্রক্রিয়া দুটি পর্যায়ে সম্পন্ন হবে।
প্রথম ধাপে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে স্ব-গণনা। এই সময়ে নাগরিকরা একটি সুরক্ষিত ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে ১৬টি ভাষায় নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এরপর ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে আবাসন গণনা ও বাড়ির তালিকা প্রণয়নের কাজ।
দ্বিতীয় ধাপে, ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনসংখ্যা গণনার মূল কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রতিটি ভবনের জিও-ট্যাগিং করা হবে এবং একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর প্রদান করা হবে।
কেন্দ্রীয় সরকার এই বিশাল কর্মসূচি বাস্তবায়নের জন্য ১১ হাজার ৭১৮ কোটি টাকারও বেশি ব্যয় অনুমোদন করেছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানিয়েছেন, তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সকল নাগরিককে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানান।