আগরতলা, ২১ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, টিটিএএডিসি এর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
রাজভবন সূত্রে জানা গেছে, শপথ গ্রহণের পর রাজ্যপাল নবনির্বাচিত এমডিসিদের সঙ্গে একটি বৈঠকও করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির।
এদিকে, শপথ গ্রহণকে সামনে রেখে ইতিমধ্যেই নতুন বোর্ড গঠনের প্রস্তুতি শুরু হয়েছে দলীয় মহলে। সূত্রের ইঙ্গিত, মে মাসের প্রথম সপ্তাহেই কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য, সিইএম এবং কার্যনির্বাহী সদস্যদ, ইএম’দের নাম ঘোষণা করা হতে পারে। রাজনৈতিক মহলে জোর জল্পনা, বর্তমান সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়ার পরিবর্তে আইএএস থেকে রাজনীতিতে আসা চন্দ্র কুমার জমাতিয়ার হাতে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত এডিসি নির্বাচনে ২৮টি আসনের মধ্যে ২৪টি আসন জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তিপ্রা মথা। অন্যদিকে বিজেপি পেয়েছে মাত্র ৪টি আসন। এই ফলাফলের পর নতুন বোর্ড গঠন এবং নেতৃত্ব নির্ধারণ নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে।