আগরতলা, ২৭ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে ২৪ জন নবনির্বাচিত সদস্য শপথ নিলেন সোমবার। খুমুলুঙস্থিত কাউন্সিল ভবনে এদিন নবনির্বাচিত এমডিসিদের শপথ বাক্য পাঠ করান এডিসি-র আইন সচিব শঙ্করী দাস।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বিজেপির চারজন নির্বাচিত এমডিসি এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন। দলের পক্ষে নির্বাচনোত্তর সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগ তুলে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন বিজেপি’র ৪ এমডিসি ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রামথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা, দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, সম্পাদক তথা শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা।
শপথ গ্রহণের পর নবগঠিত পরিষদের প্রথম অধিবেশনের জন্য জগদীশ দেববর্মাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। তিনি অধিবেশনে বক্তব্য রেখে সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে প্রদ্যোত কিশোর দেববর্মা এডিসির উন্নয়ন ও স্বচ্ছতা নিয়ে বিভিন্ন অগ্রাধিকারের কথা তুলে ধরেন। তিনি প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়নমূলক প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং জনসেবার মানোন্নয়নের ওপর জোর দেন। পাশাপাশি শিক্ষা, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন।