আগরতলা, ২ মে, ২০২৬ঃ
ত্রিপুরায় টানা ভারী বৃষ্টিতে কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ জানান, প্রায় ৬ হাজার ১০৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৯ কোটি ১৭ লাখ।
মন্ত্রী জানান, গত ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত টানা তিন দিনে রাজ্যে গড় বৃষ্টিপাত হয়েছে ১৩৩.৯ মিলিমিটার। এর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কমলপুর, বিশ্রামগঞ্জ এবং খোয়াই এলাকায়।
প্রাথমিক হিসাব অনুযায়ী, এই বৃষ্টির ফলে প্রায় ২১ হাজার ৬৩৫ মেট্রিক টন ফসল উৎপাদনের ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩২ হাজার ৮৯৫ জন। রাজ্যের মোট কৃষি জমির পরিমাণ ৫৮ হাজার ৫৪০ হেক্টর।
জেলা ভিত্তিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলায়, ক্ষতির পরিমাণ ১০ হাজার ৪৭০ মেট্রিক টন। তুলনামূলকভাবে খোয়াই জেলায় ক্ষতি সবচেয়ে কম, যা ৪৬৩ মেট্রিক টন।
মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় রাজ্য, জেলা ও মহকুমা স্তরে নোডাল আধিকারিক নিয়োগ করা হয়েছে এবং কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে জিও-ট্যাগিং ব্যবস্থার মাধ্যমে মাঠ পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি জমি থেকে অতিরিক্ত জল নিষ্কাশনের ওপর জোর দেওয়া হচ্ছে, বিশেষ করে ধান ও সবজি চাষের ক্ষেত্রে।