আগরতলা, ৫ মে ২০২৬ঃ
ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমায় ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক ব্যবহারের ফলে হঠাৎ করে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের চাহিদা বেড়ে গেছে। অভিযোগ, হোটেল, রেস্টুরেন্টসহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রকাশ্যেই বাণিজ্যিক সিলিন্ডারের পরিবর্তে ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাণিজ্যিক গ্যাসের বর্ধিত দাম এবং বাজারে সরবরাহের ঘাটতির কারণে ব্যবসায়ীরা এই পথে হাঁটছেন। তাদের দাবি, পরিস্থিতির চাপে পড়েই তারা বাধ্য হয়ে ডোমেস্টিক সিলিন্ডারের ওপর নির্ভর করছেন।
পরিস্থিতি ঘিরে প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। নজরদারির অভাবেই এই অপব্যবহার বাড়ছে বলে অভিযোগ। দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বাজারে গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন সাধারণ গ্রাহকরা।
বাণিজ্যিক গ্যাসের ঘাটতি ও মূল্যবৃদ্ধি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এই সংকট আরও গভীর হতে পারে এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, এলপিজির কালোবাজারির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক পরিবার প্রয়োজনীয় গ্যাস না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।