আগরতলা, ৬ মে, ২০২৬ঃ
ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন রুনিয়েল দেববর্মা। পাশাপাশি এদিন খুমুলুঙস্থিত নুয়াই অডিটোরিয়ামে বুধবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেন চন্দ্র কুমার জমাতিয়া। উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাজ্যের আইন সচিব শংকরী দাস।
এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এডিসির চেয়ারম্যান ভবরঞ্জন রিয়াং, বিধায়ক বিশ্বজিৎ কলই, রণজিৎ দেববর্মা, প্রাক্তন বিধায়ক বিজয় কুমার রাঙ্খল, এমডিসি পূর্ণ চন্দ্র জমাতিয়া, কমল কলই, জগদীশ দেববর্মা ও রবীন্দ্র দেববর্মা।
শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুনিয়েল দেববর্মা বলেন, এডিসি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই নতুন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে তিনি দায়িত্ব পালন করবেন এবং টিপরসা জনগোষ্ঠীর কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, গত পাঁচ বছরে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে, তবে এখনও বহু সমস্যা রয়ে গেছে। এই সমস্যাগুলির সমাধানে অধিক আর্থিক সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এ জন্য তিনি কেন্দ্র সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা-এর কাছে অতিরিক্ত আর্থিক সহায়তার আবেদন জানাবেন বলে জানান, যাতে এডিসি এলাকার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করা যায়।