আগরতলা, ৭ মে, ২০২৬ঃ
ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল বিএসএফ। সোনামুড়া মহকুমায় শ্রীমন্তপুর সীমান্ত সড়কে টহলদারির সময় সন্দেহজনকভাবে ফেলে রাখা কয়েকটি পাউচ বিএসএফের নজরে আসে। পরে তল্লাশি চালিয়ে মোট ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ২০টি পাউচে উদ্ধার ইয়াবাগুলির ওজন ৪০০ গ্রাম।
এ বিষয়ে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। সমস্ত আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মাদকদ্রব্যগুলি আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবা ট্যাবলেট গুলি ত্রিপুরা থেকে বাংলাদেশের দিকে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
এই বিপুল পরিমাণ মাদক সীমান্ত এলাকায় কারা ফেলে গিয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখতে সোনামুড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।