আগরতলা, ২০ মে, ২০২৬ঃ
অনলাইন ফার্মেসি, কর্পোরেট সংস্থার অতিরিক্ত ছাড় এবং ড্রাগ কন্ট্রোলের নিয়ম না মেনে ওষুধ বিক্রির প্রতিবাদে বুধবার ত্রিপুরাজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘট পালন করেন কেমিস্ট ও ড্রাগিস্টরা। অল ইন্ডিয়া কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের ডাকে এই ধর্মঘটে রাজ্যের বিভিন্ন জেলায় অধিকাংশ ওষুধের দোকান বন্ধ রাখা হয়। তবে জরুরি পরিষেবা সচল রাখতে হাসপাতাল সংলগ্ন কিছু ওষুধের দোকান খোলা রাখা হয়।
আগরতলায় আইজিএম হাসপাতাল এলাকায় অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে সংগঠনের প্রতিনিধিরা জেলা শাসকের কাছে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। তাদের মূল দাবিগুলির মধ্যে ছিল অনলাইন ওষুধ বিক্রি বন্ধ করা, অতিরিক্ত ডিসকাউন্ট নিয়ন্ত্রণ এবং নকল ও ভেজাল ওষুধ বিক্রি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
সাব্রুমেও ধর্মঘটে জরুরি পরিষেবা ব্যতীত অধিকাংশ ওষুধের দোকান বন্ধ ছিল। সেখানে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে একই দাবিগুলি উত্থাপন করেন।
তেলিয়ামুড়ায়ও ধর্মঘট সফলভাবে পালিত হয়। সাধারণ মানুষের সুবিধার্থে হাসপাতালের সামনে একটি ওষুধের দোকান খোলা রাখা হয়েছিল।
অন্যদিকে, ধর্মঘটকে ঘিরে দেখা দেয় মতভেদও। হাঁপানিয়া হাসপাতাল এলাকার বেশ কয়েকটি ওষুধের দোকান খোলা রাখা হয়। অল ইন্ডিয়া কেমিস্ট ডিস্ট্রিবিউটার ফেডারেশন ধর্মঘটের বিরোধিতা করে বিভিন্ন এলাকায় দোকান খোলা রাখার আহ্বান জানায়।