আগরতলা, ২০ মে, ২০২৬ঃ
রাজ্যের মানুষের সমস্যা সমাধানে প্রশাসনিক পরিষেবাকে আরও সহজলভ্য করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা করলেন মানিক সাহা। বুধবার মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ধলাই জেলার ৩৫ জন এবং আগরতলার ২ জন নাগরিকের অভিযোগ শোনেন এবং তা দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন।
এদিন ৬৬তম ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ভবিষ্যতে জেলা ভিত্তিকভাবে এই জনসংযোগ কর্মসূচি চালু করা হবে। তিনি বলেন, এতদিন দেখা গিয়েছে, প্রত্যন্ত এলাকা থেকেও বহু মানুষ চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য সমস্যার সমাধানের আশায় এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাই জেলা ভিত্তিক ব্যবস্থা চালু হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হল প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সেই উদ্দেশ্যেই ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভার্চুয়াল অংশগ্রহণের ব্যবস্থা চালু হওয়ায় এখন বিভিন্ন জেলার বাসিন্দারা আগরতলায় না এসেও নিজ নিজ জেলা থেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন।
পরে সামাজিক মাধ্যমেও তিনি জানান, প্রযুক্তির মাধ্যমে প্রশাসনিক পরিষেবাকে মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।