আগরতলা, ১৯ মে, ২০২৬ঃ
পুনর্বাসন প্রকল্পের দাবিতে আবার ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারী জঙ্গিরা। পুনর্বাসন প্রকল্পের বকেয়া অর্থ সহ তিন দফা দাবিতে আগামী ৩০ মে থেকে অনির্দিষ্টকালের জন্য অসম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরা গেরিলা রিটারনিজ ডিমান্ড কমিটি (টিজিআরডিসি)। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ও জনজাতি কল্যাণমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।
এদিন টিজিআরডিসি এর আহ্বায়ক অমৃত রিয়াং অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও সরকার এখনও পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে বাধ্য হয়েই সংগঠন বৃহত্তর আন্দোলনের পথে নামতে চলেছে।
তিনি জানান, শেষবার ২০২৫ সালের ২২ ডিসেম্বর একই দাবিতে বড়মুড়া পাহাড়ে জাতীয় সড়ক অবরোধ করেছিল সংগঠন। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি একই দাবিতে অসম-আগরতলা জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দেওয়া হয়েছিল। তবে আন্দোলন শুরু হওয়ার আগের দিন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দাবি পূরণের আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও দাবিগুলির বাস্তবায়ন হয়নি।
সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে বামফ্রন্ট সরকারের ঘোষিত বোর্ড রিহ্যাবিলিটেশন প্যাকেজ স্কিমের আওতায় বকেয়া ২৩ কোটি টাকা দ্রুত মঞ্জুর করা, মুখ্যমন্ত্রী রাবার মিশনের অধীনে রাবার বাগানের বেড়া নির্মাণের বকেয়া অর্থ প্রদান এবং পুনর্বাসন সংক্রান্ত অন্যান্য আর্থিক সুবিধা অবিলম্বে কার্যকর করা।