আগরতলা, ২০ মে, ২০২৬ঃ
পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ নিল ত্রিপুরা সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার আওতায় রাজ্যের প্রায় ১.৫ লক্ষ পরিবারকে মাত্র ১,০০০ টাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার আগরতলায় “রুফটপ সোলার পিভি সিস্টেম হ্যান্ডবুক” প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী জানান, যেসব পরিবার মাসে ৫০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের চিহ্নিত করে এই সুবিধা দেওয়া হবে। বর্তমানে রাজ্যে প্রায় ৩ লক্ষ পরিবার ৫০ ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করে। প্রথম পর্যায়ে এর মধ্যে ১.৫ লক্ষ পরিবারকে প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মাত্র ১,০০০ টাকা নিয়ে প্রায় ৬৬ হাজার টাকার সৌরবিদ্যুৎ ব্যবস্থা সাধারণ মানুষের ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী মাস থেকেই এই প্রকল্পের কাজ শুরু হতে পারে।
সরকারের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে রাজ্যে প্রায় ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা। একই সঙ্গে জার্মান সংস্থা জিআইজেড এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং বিক্রেতাদের সৌরবিদ্যুৎ ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও মেরামতির বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, “আগে মানুষ বিদ্যুতের বিল দিতেন, এখন সৌরবিদ্যুতের মাধ্যমে আয়ও করতে পারছেন। এই প্রকল্প শুধু বিদ্যুৎ সাশ্রয়ই নয়, মানুষের আর্থিক উন্নয়নের পথও খুলে দেবে।”