আগরতলা, ১ জুন, ২০২৬ঃ
নীতি আয়োগের ২০২৬ সালের রিপোর্টে ত্রিপুরার শিক্ষা ও কর্মসংস্থানের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এমনটাই দাবি করে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও যুব কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক যৌথ সাংবাদিক সম্মেলনে দলের নেতৃবৃন্দ শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নানা সমস্যা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হন।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ আচার্য অভিযোগ করেন, রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করছে। নীতি আয়োগের রিপোর্ট তুলে তিনি দাবি করেন, রাজ্যে স্কুলছুটের হার বৃদ্ধি পাচ্ছে, গুণগত শিক্ষার ঘাটতি রয়েছে, ডিজিটাল ও স্মার্ট ক্লাসরুমের পরিকাঠামো সীমিত এবং শিক্ষক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।
অন্যদিকে, যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী দেশের মোট শিক্ষানবিশ কর্মসূচিতে ত্রিপুরার অংশগ্রহণ ০.১ শতাংশেরও কম। অথচ শিক্ষা দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদ। ২০২৪ সালের টেট-১ পরীক্ষায় ৩৬৮ জন এবং টেট-২ পরীক্ষায় ১,৪৮৮ জন প্রার্থী যোগ্যতা অর্জন করলেও এখনও তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়নি। সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।