আগরতলা, ১৩ জুলাই, ২০২৬ঃ
টানা ভারী বর্ষণের জেরে সোমবার ফের জলমগ্ন হয়ে পড়ল আগরতলার বিস্তীর্ণ এলাকা। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বহু নিম্নাঞ্চল, গুরুত্বপূর্ণ সড়ক এবং আবাসিক এলাকায় জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। একইসঙ্গে কাটাখাল ও হাওড়া নদীর জল বিপদজ্জনক স্তরে পৌঁছে গিয়েছে, ভাঙ্গন দেখা দিয়েছে কাটাখালের পাশের বাঁধে।
সোমবার সকাল থেকেই আগরতলার বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান জল জমে যায়। এতে অফিসগামী, স্কুল-কলেজের পড়ুয়া, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে বৃষ্টির জল দ্রুত নামতে না পারায় বহু রাস্তাঘাট ও বাড়িঘরে জল ঢুকে পড়ে। শহরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং বিশেষ করে দুই চাকার যানবাহনের চালকদের সমস্যায় পড়তে হয়।
জেলা শাসক বিশাল কুমার জানান, কাটাখাল ও হাওড়া নদীর জল বর্তমানে বিপদজ্জনক স্তরে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির কথা বিবেচনা করে কাটাখাল বাঁধ সংলগ্ন সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন জনসাধারণকে কাটাখাল বাঁধ এবং দুর্গাচৌমুহনী থেকে প্রগতি স্কুলের পিছনের সড়ক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। সোমবার জারি করা নির্দেশে জেলা শাসক ড. বিশাল কুমার ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানান।
এদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, ভারী বর্ষণ ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, যে কোনও ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কাজ করছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।