আগরতলা, ১৩ জুলাই, ২০২৬ঃ
আবার ১৬ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানালো ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা আবহাওয়া কেন্দ্র। মৌসুমি অক্ষরেখা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় সক্রিয় ঘূর্ণাবর্ত এবং ট্রফ লাইনের প্রভাবে রাজ্যে ব্যাপক আর্দ্রতা প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
১৩ জুলাই সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত, গত ২৪ ঘণ্টায় পশ্চিম জেলার সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া সিপাহিজলার বিশ্রামগঞ্জে ১১৬ মিলিমিটার, দক্ষিণ জেলায় ৮৫ মিলিমিটার এবং গোমতী জেলার অমরপুরে ৬১.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগরতলা আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ১৩ থেকে ১৪ জুলাই পশ্চিম ও সিপাহিজলা জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে রাজ্যের অন্যান্য জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত পশ্চিম, সিপাহিজলা, গোমতী ও দক্ষিণ জেলার এক বা দুই স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ১৪ থেকে ১৫ জুলাই খোয়াই জেলাও ভারী বৃষ্টির সতর্কতার আওতায় থাকবে।