আগরতলা, ১৩ জুলাই, ২০২৬ঃ
রাজ্যজুড়ে অব্যাহত ভারী বর্ষণের কারণে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ, টিবিএসই পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ১৩ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির প্রেক্ষিতে পশ্চিম ত্রিপুরা ও সিপাহীজলা জেলার সমস্ত সরকারি, সরকার অধিগৃহীত এবং বেসরকারি স্কুলও সোমবার বন্ধ রাখা হয়েছে।
টিবিএসই জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে সোমবার অনুষ্ঠিতব্য গণিত, ভূগোল, এবং শিক্ষা বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। এদিনের পরীক্ষাগুলি আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। পরীক্ষার সংশোধিত সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, ভারতীয় আবহাওয়া দপ্তরের ভারী বৃষ্টির পূর্বাভাস এবং চলমান দুর্যোগ পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষা দপ্তর পশ্চিম ত্রিপুরা ও সিপাহীজলা জেলার সব ধরনের স্কুলে পাঠদান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।