আগরতলা, ১ আগস্ট, ২০২৬ঃ
ব্রাহ্মণ সমাজকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে শনিবার রাজধানী আগরতলায় প্রতিবাদ মিছিল ও পথসভা করল বিশ্ব হিন্দু পরিষদ।
এদিন ভিএইচপির উদ্যোগে আগরতলায় একটি মিছিল করে মেলার মাঠ এলাকায় একটি পথসভা করে।
সংগঠনের অভিযোগ, সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত একটি বক্তব্যে জিতেন্দ্র চৌধুরী হিন্দু ব্রাহ্মণ সমাজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ভিএইচপির দাবি, ওই মন্তব্যে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বারবার হিন্দু ধর্মের উপর আঘাত করছেন, যা নিন্দনীয় ও ধিক্কারজনক।
অন্যদিকে, বিতর্কিত মন্তব্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, ৩৭ মাস আগের একটি বক্তব্যকে বিকৃত ও খণ্ডিতভাবে তুলে ধরে বর্তমান কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ওই বক্তব্যের কারণে কেউ যদি আহত হয়ে থাকেন, তাহলে তিনি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।
ভিএইচপির মিছিল ও সভাকে ঘিরে মেলার মাঠ এবং কংগ্রেস ভবন চত্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।