আগরতলা, ২২ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরা ও বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিলেন আগরতলায় নিযুক্ত সহকারী হাইকমিশনার হাসান আল্ বাশার আবুল উলায়ী।
মঙ্গলবার তিনি ভারতীয় আবহাওয়া দপ্তর, আগরতলা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ড. পার্থ রায়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে রাজ্যের প্রেক্ষাপটে দুই দেশের আবহাওয়া ও দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে আলোচনা করেন।
এদিন বাংলাদেশ সরকারি হাইকমিশন কর্তৃপক্ষ, ভারতীয় আবহাওয়া দপ্তর আগরতলা কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।। বিশেষ করে আলোচনায় আবহাওয়ার পূর্বাভাস, ভারী বৃষ্টি, চরম আবহাওয়া পরিস্থিতি এবং বন্যা মোকাবিলায় প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। এই বিষয়গুলি আঞ্চলিক সহযোগিতা ও জননিরাপত্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলেও আলোচনায় উঠে আসে।
বৈঠকের পর সহকারী হাইকমিশনার আইএমডি আগরতলার বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন। তিনি মেটিওরোলজিক্যাল সেন্টার আগরতলা, এয়ারপোর্ট মেটিওরোলজিক্যাল অফিস আগরতলা এবং আগরতলা রাডার সুবিধা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস ও দুর্যোগ পূর্বপ্রস্তুতিতে এই কেন্দ্রের ভূমিকার গুরুত্বও উল্লেখ করেন।
সংক্ষেপে, এই সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শনের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।