আগরতলা, ২৬ এপ্রিল, ২০২৬ঃ
আগরতলা অভয়নগর এলাকায় সরকারি খাস জমিতে এক বস্তির উচ্ছেদের নোটিশকে কিরে সড়ক অবরোধ করেন বস্তিবাসীরা। অভয়নগর শচীন দেববর্মন সেতু সংলগ্ন এলাকায় কাটাখাল অববাহিকার উন্নয়ন কাজের জন্য খাস জমিতে বসবাসকারী ১০০-রও বেশি পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে জমি ছাড়া নির্দেশ দেওয়া হয়েছিল। রবিবার ছিল জমি খালি করার শেষ দিন। রবিবার দিন এলাকায় প্রশাসনের উচ্ছেদ অভিযান চলতে পারে আশঙ্কায় এই দিন এলাকাবাসীরা শচীন দেব বর্মন সেতু অবরোধ করেন।
জানা গেছে, আগরতলা পুর নিগমের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বসবাসকারী বহু পরিবার প্রায় ২৫-৩০ বছর ধরে সেখানে বসবাস করে আসছেন। হঠাৎ উচ্ছেদের নোটিশ পেয়ে তারা ক্ষোভে ফেটে পড়েন এবং বিকল্প পুনর্বাসনের দাবিতে জিবি-অভয়নগর সড়ক অবরোধ করেন।
অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি ছিল, উচ্ছেদের আগে উপযুক্ত বিকল্প ব্যবস্থা করতে হবে, না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্পোরেটর হীরালাল দেবনাথ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে উত্থাপন করা হবে বলে আশ্বাস দেন।
পরে জেলা প্রশাসনের তরফে ডিএম-এর পক্ষ থেকে পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবশেষে অবরোধ তুলে নেন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।