আগরতলা, ২৮ এপ্রিল, ২০২৬ঃ
ত্রিপুরায় আগামী তিনদিন মাঝারি থেকে প্রবল বজ্রঝড়, বিদ্যুৎ চমক, দমকা হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের আগরতলা কেন্দ্র থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় সর্বোচ্চ ১৫৯ মিমি, খোয়াইয়ে ১২১.৪ মিমি এবং উনকোটিতে ১১৮.৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার গতি ঘণ্টায় ১১১ কিমি পর্যন্ত পৌঁছেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ থেকে ২৯ এপ্রিলের মধ্যে খোয়াই ও পশ্চিম জেলায় ৬০–৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রঝড় এবং ৭–২০ সেমি পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্য জেলাগুলিতেও ৫০–৬০ কিমি বেগে ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৯ থেকে ৩০ এপ্রিল সব জেলাতেই বজ্রঝড়ের সম্ভাবনা থাকলেও উত্তর, উনকোটি, ধলাই, খোয়াই ও পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত একই জেলাগুলিতে বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
সামগ্রিকভাবে, আগামী তিনদিন ত্রিপুরার আবহাওয়া পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।