আগরতলা, ১৫ জুলাই, ২০২৬ঃ
দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় শহিদ বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে সিপিআইএম আয়োজিত একটি কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার উত্তেজনার সৃষ্টি হয়। কর্মসূচির আয়োজকদের অভিযোগ, পূর্বানুমতি থাকা সত্ত্বেও পুলিশ কর্মসূচিতে বাধা দেওয়ায় উপস্থিত নেতা কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সিপিআইএমের দাবি, রাজ্যের পুলিশ মহাপরিচালকের অনুমতি নিয়েই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবুও শহিদ বাদল শীলের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ অন্যান্য নির্ধারিত কর্মসূচি চলাকালীন পুলিশ হস্তক্ষেপ করে। এর প্রতিবাদে কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান।
ঘটনাস্থলেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি পুলিশের সামনেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ব্যর্থতার অভিযোগ উত্থাপন করেন।
ঘটনাকে কেন্দ্র করে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের পঞ্চায়েত নির্বাচন চলাকালে সংঘটিত হামলায় বাদল শীলের মৃত্যুর ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।