আগরতলা, ১৬ জুলাই, ২০২৬ঃ
দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারকে ‘ইডিয়ট’ বলার অভিযোগে বিরোধীদল নেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর তীব্র সমালোচনা করেছে অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চ্যাপ্টার। আইএএস, আইপিএস এবং আইএফএস অ্যাসোসিয়েশন, এক যৌথ বিবৃতিতে অবিলম্বে তাঁর মন্তব্য প্রত্যাহার করে জিতেন্দ্র চৌধুরীকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করেছে।
বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার চোত্তাখলায় সিপিআইএম এর একটি মিছিলকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার ফোন না তোলায় ক্ষুব্ধ হয়ে তাঁকে ‘ইডিয়ট’ বলে মন্তব্য করেন বিরোধীদল নেতা। এই মন্তব্যকে কেন্দ্র করে বৃহস্পতিবার আইএএস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চ্যাপ্টার, আইপিএস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চ্যাপ্টার এবং আইএফএস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চ্যাপ্টার যৌথভাবে প্রতিবাদ জানায়।
সংগঠনগুলির বিবৃতিতে বলা হয়েছে, সরকারি দায়িত্বে থাকা একজন ভারতীয় পুলিশ সার্ভিসের আইপিএস আধিকারিককে ‘ইডিয়ট’ বলে সম্বোধন করা সম্পূর্ণ অনভিপ্রেত। দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার আইন অনুযায়ী তাঁর সরকারি দায়িত্ব পালন করছিলেন। সেই অবস্থায় তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ জনসাধারণের প্রশাসনের প্রতি আস্থা দুর্বল করতে পারে এবং পুলিশ ও সিভিল সার্ভিসের কর্মকর্তাদের মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অ্যাসোসিয়েশন আরও দাবি করেছে, সাম্প্রতিক অতীতে বিরোধীদল নেতা রাজ্যের কয়েকজন বরিষ্ঠ আধিকারিকের বিরুদ্ধেও প্রমাণ ছাড়া আপত্তিকর মন্তব্য করেছেন। এ ধরনের পুনরাবৃত্ত ব্যক্তিগত আক্রমণ সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করে এবং সরকারি আধিকারিকদের মনোবলে আঘাত হানে।
যৌথ বিবৃতিতে জিতেন্দ্র চৌধুরীর কাছে অবিলম্বে তাঁর মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সকল জনপ্রতিনিধিকে শালীনতা, পারস্পরিক সম্মান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মর্যাদা বজায় রেখে বক্তব্য রাখার আবেদন জানিয়েছে অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চ্যাপ্টার।