আগরতলা, ২০ জুলাই, ২০২৬ঃ
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের, টিসিএ এর সভাপতি তপন কুমার লোধকে তার পদ থেকে অপসারণ করল বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই ওম্বাডসম্যান। অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র ১৫ জুলাই এক আদেশে তাকে টিসিএ এর সভাপতি পদ থেকে অপসারণ করেন।
তার বয়স ৭০ বছর পেড়িয়ে যাওয়াতে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি টিসিএকে সংবিধান নিয়ম মেনে অবিলম্বে নতুন সভাপতি নির্বাচনের নির্দেশ দিয়েছে ওম্বাডসম্যান।
চলতি বছরের ২৩ মার্চ প্রণব দাস নামে এক ব্যক্তি বিসিসিআই ওম্বাডসম্যানের কাছে অভিযোগ দায়ের করেন যে তপন কুমার লোধ ৭০ বছর বয়স অতিক্রম করেছেন। বিসিসিআইয়ের সংবিধান অনুযায়ী রাজ্য ক্রিকেট সংস্থা বা বিসিসিআইয়ের পদাধিকারী ৭০ বছর পূর্ণ করলে পদে বহাল থাকতে পারেন না।
অভিযোগের জবাবে টিসিএ এর পক্ষে আদালতে দাবি করা হয়, নির্বাচনের সময় তপন লোধের বয়স ৭০ বছরের নিচে ছিল। ওম্বাডসম্যান বিচারপতি এই যুক্তি খারিজ করে দিয়ে বিসিসিআইয়ের সংবিধান, মেনে রায় দেন যে, ৭০ বছর বয়স অতিক্রম করার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট পদাধিকারী অযোগ্য হয়ে যান।
টিসিএ সূত্রে জানা গেছে, ওম্বাডসম্যানের এই নির্দেশের পর সভাপতি পদে নতুন নির্বাচন ছাড়া আর কোনও বিকল্প নেই। ফলে খুব শিগগিরই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।