আগরতলা, ৭ জুলাই, ২০২৫ঃ
বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ রুখতে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন তিপ্রা মথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মা। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় তিনি কেন্দ্র ও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে রাজ্যজুড়ে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।
রঞ্জিত দেববর্মা বলেন, “এটা কোনও রাজনৈতিক বিষয় নয়, এটা জাতীয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট একটি আন্দোলন। আমরা জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করছি কারণ এটি গোটা দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত।” তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অন্যান্য রাজ্যে বাস্তবায়িত হলেও ত্রিপুরায় তা কার্যকর হচ্ছে না, যা গভীর উদ্বেগের কারণ।
তিনি আরও জানান, অসম, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা ও তামিলনাড়ুর মতো রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে ধরনের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, ত্রিপুরাতেও সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মার উদ্ধৃতি দিয়ে রঞ্জিত বলেন, “সবার আগে আমাদের কমিউনিটি, তারপর দল।” এই নীতিকে সামনে রেখে তিনি সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ভূমি ও ভবিষ্যৎ রক্ষার আহ্বান জানান।
তার কথায়, “যাঁরা বাংলাদেশ থেকে এসে আমাদের অধিকার, জমি এবং ভবিষ্যৎ কেড়ে নিয়েছেন, তাঁদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠাতে হবে। এটি শুধুমাত্র রাজ্যের নয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্ন।”
তিপ্রা মথার পক্ষ থেকে এই আন্দোলনকে আরও বৃহত্তর ও সংঘবদ্ধ করে তোলার বার্তা দিয়েছেন বিধায়ক দেববর্মা। তিনি স্পষ্ট করে জানান, এই আন্দোলন কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং আইন মেনে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে একটি জাতীয় দাবিকে সামনে রেখে সংগঠিত হচ্ছে।