আগরতলা, ২৩ জুলাই, ২০২৫ঃ
ত্রিপুরায় ভোটার তালিকা নিয়ে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া চালুর দাবিতে ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করল তিপ্রা মথা পার্টি। বুধবার নয়াদিল্লিতে দলের প্রতিষ্ঠাতা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই সংক্রান্ত একটি লিখিত দাবি তুলে ধরেন।
বৈঠকে তিপ্রামথা জানায়, গত কয়েক দশকে ত্রিপুরার জনসংখ্যাগত কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এর ফলে রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। প্রতিনিধি দলটি আশঙ্কা প্রকাশ করে জানায়, ৮৫৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্তের বড় অংশ এখনো অরক্ষিত, যার ফলে বেআইনি অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এই অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভোটার কার্ড, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করছে বলেও অভিযোগ করা হয়েছে।
চিঠিতে ২০১২ সালের একটি ঘটনারও উল্লেখ করা হয়েছে, যেখানে তৎকালীন নির্বাচন কমিশনার ভিনোদ সাক্সেনার ত্রিপুরা সফরের সময় প্রায় ১.৪৮ লক্ষ ভুয়া ভোটারের অস্তিত্ব চিহ্নিত হয়েছিল। তবে সেই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ তোলেন তিপ্রামথা নেতারা।
এই সমস্যার সমাধানে দলটি বেশ কয়েকটি প্রস্তাবও দিয়েছে। এর মধ্যে রয়েছে বিহার মডেল অনুসরণ করে ডোর-টু-ডোর ভোটার যাচাই অভিযান চালানো, প্রশিক্ষিত ও নিরপেক্ষ কর্মী নিয়োগ করে যাচাই প্রক্রিয়া পরিচালনা করা এবং প্রত্যন্ত আদিবাসী এলাকাগুলিতে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার আহ্বান।